মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে গাজীপুরের অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় হাজারো শ্রমিককে সড়কে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকেরা।
তারাগাছ এলাকার বাসিন্দা বলেন, ‘কারখানা ছুটি ঘোষণা করায় বাসায় ফিরছি। কিন্তু কোনোভাবেই বাসায় যেতে পারছি না। হঠাৎ সামনে সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিনই সকালে কারখানায় আসি, কিছুক্ষণ পর আবার বাসায় ফিরে যেতে হয়। এভাবে চরম ভোগান্তির মধ্যে সময় কাটছে। বুঝতে পারছি না, এভাবে চাকরি করব, নাকি সব ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব।’
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় শ্রমিকেরা সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সকাল ১০টা পর্যন্ত প্রায় ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ মহাসড়ক অবরোধের কারণে ঢাকা ও গাজীপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অফিস চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।