গাজীপুরের শ্রীপুরে আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। আজ রোববার বিকেলে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, এতে চারজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানার ফটকের সামনে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে লিপি আক্তার (৩৫) ও বাক্প্রতিবন্ধী বিলকিস (৩৬) রয়েছেন। অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, গত আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসও প্রায় শেষ। বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ একাধিক তারিখ দিলেও বেতন দিচ্ছে না। এতে শ্রমিকদের সংসার খুব কষ্টে চলছে।
শ্রমিক আমেনা বেগম বলেন, ‘বেতন পরিশোধ করলে কি আমরা এমন করি? পুলিশ লেলিয়ে দিয়েছে আমাদের দিকে। পুলিশ নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. স্বপন কুমার বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। শ্রমিকেরা প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন।
লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে স্বপন কুমার বলেন, দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে শ্রমিকেরা আহত হয়ে থাকতে পারেন।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রেখা নাগ বলেন, বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ চেষ্টা করছে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।