হোম > সারা দেশ > গাজীপুর

গণিতে দক্ষতাই বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির মূল ভিত্তি: ডুয়েট উপাচার্য

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ আয়োজনে গতকাল বিকেলে ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির বড় অংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর।

ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত গতকাল শনিবার বিকেলে দেশের অন্যতম বৃহৎ ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘এই কার্নিভাল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মের যুক্তিবাদী ও বিশ্লেষণী চিন্তাভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গণিত শুধু একটি একাডেমিক বিষয় নয়, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মূল চালিকাশক্তি।’ তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের অগ্রগতির পেছনে রয়েছে পরিসংখ্যান, ক্যালকুলাস ও লিনিয়ার অ্যালজেব্রার মতো গাণিতিক ধারণা। তথ্য নিরাপত্তা ও সাইবার সিকিউরিটির ভিত্তিতে রয়েছে সংখ্যাতত্ত্ব ও ক্রিপ্টোগ্রাফি। মহাকাশ গবেষণা, জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, চিকিৎসাবিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং কিংবা প্রকৌশলের জটিল নকশা—সব ক্ষেত্রেই গাণিতিক মডেলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অধ্যাপক মোহাম্মদ ইকবাল আরও বলেন, ‘ডুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে সব সময় উৎসাহিত করে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।’

তিনি কার্নিভাল আয়োজনের জন্য গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গতকাল সকালে ডুয়েটের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভালের কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘গণিত হলো বিজ্ঞানের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির সব অগ্রগতির পেছনে রয়েছে গাণিতিক মডেলিং ও যুক্তিনির্ভর চিন্তা। স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলে তারা ভবিষ্যতের জটিল সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ডুয়েট ছাত্র কল্যাণ দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

আয়োজকরা জানান, এবারের কার্নিভালে দেশের দেড় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও ম্যাথ গেমসসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে তারা।

দিনব্যাপী আয়োজন শেষে বিকেলে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬-এর সমাপ্তি হয়।

কালীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: ১৩১ পদে নিয়োগের লড়াইয়ে ৬১৪ পরীক্ষার্থী

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

কালীগঞ্জে আবারও নড়বড়ে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্য আটক

বাল্যবিবাহের অভিশাপমুক্ত হলো আরও এক শিশু: ৬ মাসের কারাদণ্ড বাবার

বাঘ আতঙ্কে তিন গ্রামের মানুষ, বিরল প্রাণী বলছে বন বিভাগ

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান স্বামী, আদালতে দায় স্বীকার করে জবানবন্দি

গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণ: বাবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুর: গর্ত-পানিতে ভরা পাকা সড়ক, দুর্ভোগে যাত্রীরা

টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, ৩০০ কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন