গাজীপুর মহানগরীর পুবাইলের হায়দারাবাদ মজিবর মার্কেট এলাকায় হঠাৎ বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে গেছে। গত দুই দিনে কুকুরের কামড়ে শিশু, নারীসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
কুকুর আক্রমণের আতঙ্কে মঙ্গলবার হায়দারাবাদ প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল বন্ধ ঘোষণা করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত থেকে এলাকায় কুকুরের উৎপাত বেড়ে যায়। রাতে একজনকে কামড়ানোর পর মঙ্গলবার সকাল থেকে একের পর এক মানুষকে ধাওয়া করে কুকুর কামড়াতে থাকে। এতে শিশুদের পাশাপাশি কয়েকজন অভিভাবকও আহত হন।
কুকুরের ভয়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। জরুরি প্রয়োজনে বের হলেও কেউ কেউ সঙ্গে লাঠিসোঁটা রাখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদ, বাজারসহ প্রয়োজনীয় স্থানে যেতেও এখন তাঁদের ভয় হচ্ছে। সন্তানদের স্কুলে পাঠাতেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেক অভিভাবক।
মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসী দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে চলাচল করছেন। কুকুরের আক্রমণ থেকে নিজেদের ও শিশুদের রক্ষা করতেই তাঁরা এভাবে চলাচল করছেন বলে জানান স্থানীয়রা।
হায়দারাবাদ প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা শাহিন আলম বলেন, ‘আমাদের বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর অভিভাবক কুকুরের কামড়ে আহত হয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ (মঙ্গলবার) বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সিটি করপোরেশনকেও জানানো হয়েছে।’
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, কুকুরের আক্রমণ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এলাকাবাসীর আতঙ্ক দূর করতে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।