হোম > সারা দেশ > গাজীপুর

মৃত্যুপথযাত্রী ‘রাজু বাহাদুর’, বাঁচানোর চেষ্টায় দেশি-বিদেশি চিকিৎসকেরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আহত হাতি ‘রাজু বাহাদুর’। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে এক বছর আগে উদ্ধার করে আনা হাতি ‘রাজু বাহাদুর’ বাঁচা-মরার সন্ধিক্ষণে। সম্প্রতি হাতিশালায় অন্য একটি হাতির আক্রমণে দুই পা ভেঙে যায় তার। হাতিটির অবস্থা এখন সংকটাপন্ন।

রাজু বাহাদুর আহত হওয়ার পর থেকেই উন্নত চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসক দল নিরলস চেষ্টা চালাচ্ছে তাকে সুস্থ করে তুলতে। তবে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় হাতিটির বাঁচা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুয়ে শুয়ে খাবার গ্রহণ করছে রাজু বাহাদুর, নিয়মিত চলছে চিকিৎসা কার্যক্রমও।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট হাতিটি জব্দ করে। আতিকুর রহমান নামক এক ব্যক্তি ওই এলাকায় হাতিটির মাধ্যমে চাঁদাবাজি করছিলেন। সে সময় হাতিটির বয়স ছিল ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কের হাতিশালায় নির্দিষ্ট একটি স্থানে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সম্প্রতি অন্য একটি হাতির সঙ্গে সংঘর্ষে জড়ালে তার পা ভেঙে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, রাজু বাহাদুর প্রাপ্তবয়স্ক একটি পুরুষ হাতি। গত ২৪ মে পার্কের হাতিশালায় অন্য একটি হাতির আক্রমণের শিকার হলে মাটিতে পড়ে গিয়ে সামনের দুটি পা ভেঙে যায় তার। ঘটনার কয়েক দিন পর হাতিটিকে ক্রেনের সাহায্যে নিরাপদ স্থানে বালুর ওপর স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে চিকিৎসক আনা হয়েছে। এ ছাড়া মেডিকেল বোর্ড গঠন করে তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। হাতি রাজু বাহাদুর শুয়ে শুয়ে সামান্য খাবার খেতে পারলেও তার অবস্থা বেশ সংকটাপন্ন।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রাণীরা একই স্থানে বা ক্যাপটিভে বসবাস করা অবস্থায় সংঘর্ষ বা ঝগড়ায় জড়ানো প্রাকৃতিক ব্যাপার। সব প্রাণী কোনো না কোনো সময় সংঘর্ষে জড়ায়। তবে রাজু বাহাদুর একটু বেশিই আহত হয়ে পড়েছে।’

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তারেক রহমান বলেন, ‘হাতিশালায় হাতিদের একটির সঙ্গে আরেকটি মাঝেমধ্যেই সংঘর্ষে জড়ায়। এটা স্বাভাবিক ব্যাপার। অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই অবস্থা থাকে। হাতিশালার অন্য একটি হাতি রাজু বাহাদুরকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে তার পায়ে আঘাত লাগে। মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে। হাতিটি শিকলে বাঁধা ছিল। এটি এখন দাঁড়াতে পারে না। আমরা নিয়মিত উন্নত চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আশা করি, রাজু বাহাদুর দ্রুত সুস্থ হয়ে আবারও হাতিশালায় ঘুরে বেড়াবে।

প্রথম শ্রেণির পৌরসভা হলেও জলাবদ্ধতায় নাকাল কালিয়াকৈরের বাসিন্দারা

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করার পরিকল্পনা, বাড়বে ধারণক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী

শ্রীপুরের এক পোশাক কারখানায় দুই দিনে ১৪০ শ্রমিক অসুস্থ, ইমাম ডেকে ঝাড়ফুঁক

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০, গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

গাজীপুরের সেই কারখানায় আবার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু‎

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে ডিম ভেঙে প্রতিবাদ, খামারিদের মহাসড়ক অবরোধ

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত