গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে কোনাবাড়ি, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার পর ভবনের ছাদে বেশ কয়েকজন আটকা পড়েন। ফায়ার সার্ভিসের রেসকিউ ভেহিকেল ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। পরে ভবনের ভেতর ও ছাদ থেকে মোট ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, আগুন লাগা অংশটি চারপাশে কাচ দিয়ে ঘেরা এবং সেখানে কাপড়ের গুদাম থাকায় আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ ঝুঁকিপূর্ণ ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রচণ্ড তাপ উপেক্ষা করে বিশেষ কৌশল প্রয়োগ করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। গুদামে থাকা কাপড় সরিয়ে সরিয়ে আগুনের উৎস ও ভেতরের আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এ ছাড়া আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারখানায় অগ্নিনিরাপত্তার কোনো ত্রুটি ছিল কি না, তা আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত তদন্ত করে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।