সেতুর কাজ শেষ হয়েছে ৯ মাস আগে। অথচ সেই সেতু ব্যবহারের জন্য ঝুঁকি নিয়ে ১৫ ফুট উঁচুতে উঠতে হচ্ছে এলাকাবাসীকে। কেবল একটি সংযোগ সড়কের অভাবে এই অমানবিক পরিস্থিতিতে পড়েছেন শ্রীপুর ও গফরগাঁও উপজেলার বাসিন্দারা।
গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমানায় কাওরাইদ এলাকায় সুতিয়া নদীর ওপর নির্মাণ হয়েছে এই সেতু। দুই জেলার মানুষের যোগাযোগ সহজ করতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির মূল কাজ শেষ হলেও এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক।
সেতুতে ওঠার জন্য এক পাশে ফেলা হয়েছে মাটি, তার দু’পাশে দুটি বাঁশ। সেই বাঁশ ধরে মাটির খাড়া ঢাল বেয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। অসুস্থ ও বৃদ্ধ মানুষের জন্য এ যেন এক মরণ ফাঁদ। সামান্য বৃষ্টি হলেই ঢাল পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে।
এলজিইডি গাজীপুর কার্যালয় সূত্রে জানা যায়, সুতিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের কাজ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মূল সেতুর নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, সংযোগ সড়ক থেকে সেতুটির উচ্চতা প্রায় ১৫ ফুট। ফলে সেতুতে ওঠার জন্য তৈরি করা অস্থায়ী মাটির খাড়া ঢাল বেয়ে তাদের ওঠা নামা করতে হয়। অনেক সময় সেতুর পাশে থাকা রেলওয়ে সেতু ব্যবহার করেও ঝুঁকি নিয়ে চলাচল করেন তারা।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘পুরো সেতুর কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু সংযোগ সড়কের জন্য সমস্যা হচ্ছে। এখানে একটি সরকারি, একটি এমপিওভুক্ত ও একটি বেসরকারি স্কুল রয়েছে। ১৫ ফুট উঁচু খাড়া ঢাল বেয়ে ওঠার কষ্ট এড়াতে অনেকেই পাশের রেলব্রিজ দিয়ে চলাচল করছে। এটি খুবই ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে নতুন সেতু দিয়ে চলাচল করাও খুব কষ্টকর হয়ে যায়। দ্রুত কাজটি শেষ হলে আমাদের জন্য খুবই উপকার হয়।’
স্থানীয় ব্যবসায়ী শ্রী চন্দন কুমার বলেন, ‘যেখানে সংযোগ সড়ক নির্মাণ হবে, সেখানে কারও জোত জমি নেই। পুরো জায়গাটিই বাংলাদেশ রেলওয়ের। ওই জমিতে কিছু মানুষ বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। এটি বাধার কারণ হতে পারে না। এখান থেকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত রেলওয়ের জায়গা রয়েছে। জনগুরুত্বপূর্ণ একটি সেতু থাকার পরও মানুষের চলাচলের উপযোগী করা যাবে না—এটি সচেতন মানুষ হিসেবে মেনে নেওয়া যায় না।’
আরেক বাসিন্দা রিয়াদ খান বলেন, ‘সেতুটি ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পড়েছে। গফরগাঁওয়ের ১৫টি ইউনিয়নের মধ্যে অন্তত আটটি ইউনিয়নের মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। পাশাপাশি এসব এলাকার উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয়, সেতু নির্মাণ হলেও সেতুতে ওঠার রাস্তা নেই। এখন মানুষকে খাড়া ঢাল বেয়ে সেতুতে উঠতে হচ্ছে।’
এ বিষয়ে গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘প্রকল্পটি অনূর্ধ্ব ১০০ মিটার প্রকল্প। এ প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। সারা দেশে এ ধরনের কোনো স্কিমেই জমি অধিগ্রহণের সুযোগ রাখা হয়নি। তারপরও এই সীমাবদ্ধতার মধ্যেই আমরা সেতুটি নির্মাণ করেছি। জমি অধিগ্রহণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে।’
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বলেন, ‘সেতুটি দুই জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সরেজমিনে গিয়ে জটিলতার বিষয়টি সমাধান করা হয়েছে। আশা করি সংশ্লিষ্টরা দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কের কাজ শুরু করবেন।’