গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাদশা মিয়া জানান, তিনি এক একর জমির একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করছেন। পুকুরটিতে পাঙাশ, রুই, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে পুরোনো প্রায় তিন হাজার মাছের সঙ্গে পরে সাড়ে ১৩ হাজার পাঙাশের পোনা ছাড়া হয়। পাঙাশগুলোর প্রতিটির ওজন এখন গড়ে প্রায় ৮০০ গ্রাম।
বাদশা মিয়া আরও জানান, গত বুধবার বিকেলে মাছকে খাবার দিয়ে বাড়ি যান। আজ শুক্রবার সকালে পুকুরের মালিক আমিনুল ইসলাম তাঁকে ফোন করে মাছ মরে ভেসে ওঠার খবর দেন। পুকুরে গিয়ে প্রথমে তাঁর ধারণা হয়, গ্যাস বা অক্সিজেনের সংকটে মাছ মরেছে। পরে অক্সিজেন বাড়ানোর পাশাপাশি গ্যাস কমানোর ওষুধ প্রয়োগ করেও কোনো ফল হয়নি। একপর্যায়ে পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে ওঠে।
বাদশা মিয়ার দাবি, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এ ঘটনায় তাঁর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাদশা মিয়া বলেন, আরও দুই মাস পর মাছগুলো বিক্রি করে ৩০ লাখ টাকার বেশি পাওয়ার আশা করেছিলেন। এখন কীভাবে ব্যবসা টিকিয়ে রাখবেন, তা নিয়ে হতাশায় রয়েছেন তিনি।
শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেননি। জানানো হলে মাছের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যেত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।