হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিকেরা কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ-বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ-বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শত শত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেন। তাঁরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।

এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।