হোম > সারা দেশ > গাজীপুর

রাত হলেই সংরক্ষিত বনে তালগাছ লুট, খবর রাখে না বন বিভাগ

রাতুল মণ্ডল, শ্রীপুর

গাজীপুরের সংরক্ষিত বনাঞ্চলে অর্ধশতাধিক তালগাছ কাটা অবস্থায় পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

দিনের আলোয় শান্ত, সবুজে ঘেরা বন। রাত গভীর হলেই বদলে যায় দৃশ্যপট। নিস্তব্ধতা ভেঙে বন থেকে ভেসে আসে করাতের শব্দ। গত এক সপ্তাহ ধরে কেটে নেওয়া হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের তালগাছ। তবে বিষয়টি জানে না বলে দাবি বন বিভাগের। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের নিষ্ক্রিয়তা ও যোগসাজশে চলছে বন উজাড়ের এ তৎপরতা।

আজ শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামে ম্যাক হ্যাচারির পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে দেখা যায়, ঘন বনের ভেতর সারি সারি পড়ে আছে কাটা তালগাছের কাণ্ড। অর্ধশতাধিক তালগাছের গোড়া ও কাণ্ড পড়ে রয়েছে বনজুড়ে। তালগাছের পাশাপাশি কাটা হয়েছে অন্যান্য ঔষধি ও বনজ গাছও। কয়েকটি গাছে থাকা তালফল ইতিমধ্যে পরিপক্ব হয়েছে। সবুজে ঘেরা বনভূমির ভেতরে এমন নির্বিচার গাছ কাটার চিত্র যেন বন উজাড়ের নীরব সাক্ষী।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি। সকালে গরু চরাতে এসে দেখি, সারি সারি তালগাছ কাটা পড়ে আছে। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এভাবে এক সপ্তাহ ধরে বন উজাড় হলেও বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে আসতে দেখিনি।’

পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব তুলে ধরে পরিবেশকর্মী সাইদ চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে এতগুলো তালগাছ কেটে নেওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব গাছ কাটা বন্ধ করা না গেলে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি হবে।’

এদিকে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মীরা। সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে অনেকগুলো তালগাছ কাটা হয়েছে। পাশাপাশি অন্যান্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গাছগুলো জব্দ করে নেওয়া হবে।’

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে দুদিন আগে সেখানে লোক পাঠানো হয়েছিল। দুটি গাছ কাটা হয়েছে। এর মধ্যে একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। তবে এতগুলো গাছ কাটার খবর আমার জানা নেই। বিষয়টি দেখতে আবারও লোক পাঠানো হচ্ছে।’

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’