হোম > সারা দেশ > গাজীপুর

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)

আজ শুক্রবার সকালে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা। ছবি: আজকের পত্রিকা

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। প্রিয় লেখকের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে সকাল থেকেই ভিড় করেছেন লেখক, পাঠক ও ভক্তরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করছেন বিভিন্ন বয়সী অনুরাগীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লীতে গিয়ে দেখা যায়, হুমায়ূন আহমেদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। কেউ তাঁর লেখা গান গাইছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, আবার কেউ তাঁর সাহিত্যকর্ম ও স্মৃতিচারণায় মেতে উঠেছেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো নুহাশ পল্লী। এ সময় হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।

হুমায়ূন আহমেদের ভক্ত মনিকা বলেন, ‘হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের ভালো লাগে। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন।’

আজ শুক্রবার সকালে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা। ছবি: আজকের পত্রিকা

পাঠক শাহিনুর বলেন, ‘আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্মৃতিগুলো এখানে এখনো দৃশ্যমান। তাঁর অনেক বই পড়ার সুযোগ হয়েছে আমার। তাঁর স্মৃতি ধরে রেখেই বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে।’

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘এই জায়গাটি একজন অসাধারণ সাহিত্যিকের সমাধিস্থল। একে সাহিত্যিকের স্মৃতিজাদুঘরও বলা যায়। স্যার মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের হৃদয়ে তাঁর অবস্থান নুহাশ পল্লীতে আসা দর্শনার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে প্রতীয়মান হয়। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। নুহাশ পল্লীকে ঘিরে দর্শনার্থীদের প্রত্যাশাও অনেক। আমরা চেষ্টা করি এখানে আসা পাঠক ও লেখকদের সেই প্রত্যাশা পূরণ করতে।’

তিনি আরও জানান, বছরের বিশেষ দিনগুলোতে নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে তাঁর শিক্ষাজীবন কাটে। বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে সাহিত্যজগতে ব্যাপক পরিচিতি লাভ করেন হুমায়ূন আহমেদ। এরপর একে একে অসংখ্য জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র সৃষ্টি করে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর প্রিয় আবাসস্থল গাজীপুরের নুহাশ পল্লীতেই তাঁকে সমাহিত করা হয়।