হোম > সারা দেশ > গাইবান্ধা

বিয়ের দাবিতে ১২ ঘণ্টা অনশনের পর প্রেমিকের সঙ্গে তরুণীর বিয়ে

গাইবান্ধা প্রতিনিধি

সুরভি খাতুন । ছবি: সংগৃহীত

বিয়ের দাবিতে সৌদিপ্রবাসী প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন এক তরুণী। প্রায় ১২ ঘণ্টা পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে সৌদিপ্রবাসী যুবকের বিয়ে সম্পন্ন হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে। অনশনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুমানীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব মন্ডল। তিনি মুঠোফোনে বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গতকাল শনিবার সকালে তাঁদের বিয়ে সম্পন্ন করা হয়।

এলাকাবাসী জানান, অনন্তপুর নয়াপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে সৌদিপ্রবাসী রাশেদুল ইসলামের (৪০) সঙ্গে সুরভি খাতুন (২৬) নামে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনেও বিয়ে না হওয়ায় গত শুক্রবার রাত ১১টার দিকে রাশেদুল ইসলামের বাড়িতে অবস্থান নেন সুরভি। এ সময় তিনি বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে তাঁরা বিষয়টি নিয়ে মধ্যস্থতা করে বিয়ের ব্যবস্থা করেন।

দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে রাশেদুল ও সুরভির বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে শনিবার তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে শুনেছি।’