হোম > সারা দেশ > গাইবান্ধা

মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিবাহ

গাইবান্ধা প্রতিনিধি

হাতির পিঠে চড়ে বিবাহ করতে যাচ্ছেন যুবক। ছবি: সংগৃহীত

মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিবাহ করছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাকিব মিয়া নামের এক যুবক। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় জমায় উৎসুক জনতা।

বর সাকিব মিয়া ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। কনে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার।

সাধারণত বিবাহে গাড়ি, মাইক্রোবাস কিংবা মোটরসাইকেলের বহর দেখা গেলেও সাকিবের বরযাত্রায় ছিল হাতি। হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাত্রার দৃশ্য দেখতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে দাঁড়িয়ে পড়েন। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন। বরযাত্রার এই ভিন্নধর্মী আয়োজন ঘিরে পুরো পথেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বর সাকিব মিয়া বলেন, ‘বিবাহ জীবনের একটি বিশেষ দিন। দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে চেয়েছি। মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তাঁর ছোট্ট একটি ইচ্ছা পূরণ করতে পেরে আমারও খুব ভালো লাগছে।’

বরযাত্রীরা জানান, বিবাহের এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে ও মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিতেই সাকিবের এই ব্যতিক্রমী আয়োজন।

সাকিবের মা বলেন, ‘অনেক দিনের শখ ছিল আমার ছেলে হাতির পিঠে চড়ে বিবাহ করতে যাবে। সেই ইচ্ছা পূরণ হলো। আমি খুবই আনন্দিত।’

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সিপন বলেন, ‘মায়ের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে সাকিবের বিবাহ করতে যাওয়ার বিষয়টি সত্যিই ব্যতিক্রমী। এমন উদ্যোগ নিঃসন্দেহে সুন্দর। আমি নবদম্পতির জীবনের সাফল্য কামনা করছি।’