হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাহেবগঞ্জ ফার্মের কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে ফিরছিলেন দুলু মিয়া। পথে সাহেবগঞ্জ ফার্মের কাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক দুলু মিয়ার মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।