হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে চেকের মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।

তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি মো. তারিকুল ইসলামকে গত বৃহস্পতিবার রাতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, মো. তারিকুল ইসলাম তারেক ২০২৩ সালের ৫ এপ্রিল এনআরবিসি ব্যাংকের শোভাগঞ্জ উপশাখা থেকে ২৪ মাস মেয়াদে পাঁচ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ নেওয়ার পর ছয়টি কিস্তির সমপরিমাণ টাকা পরিশোধ করলেও পরবর্তী সময়ে আর কোনো কিস্তি পরিশোধ করেননি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ২০২৫ সালের ১৩ মে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।