হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ ইটভাটার চিমনি। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ ‎রোববার অভিযানের অংশ হিসেবে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের এআরবি ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রুমেন পাল। এ সময় তাঁকে সহযোগিতা করেন থানা-পুলিশ ও আনসার সদস্যরা।

‎পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ১৬টি বৈধ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ১০৯টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

‎গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সাঘাটায় প্রথম পর্যায়ে এআরবি ব্রিকসের চিমনি ভাঙার মধ্য দিয়ে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাইকোর্টের নির্দেশনার আওতাধীন অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।’