হোম > সারা দেশ > গাইবান্ধা

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা শহরে সিপিবির বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বাড়তি দাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শনিবার দুপুরে সিপিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা ও সাদেকুল ইসলামসহ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার পরও বাংলাদেশে হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁরা অবিলম্বে বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এ সময় তাঁরা সার ও গ্যাসের সংকট নিরসনেরও দাবি জানান।