গাইবান্ধা সদরে নিরব মিয়া (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বানিয়াজান এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, স্মার্টফোন কিনে দেওয়া নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
মৃত নিরব মিয়া বানিয়াজান এলাকার আব্দুস সোবহানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে বাবার কাছে স্মার্টফোন কিনে দেওয়ার আবদার করছিলেন নিরব। তবে ফোন কিনে না দেওয়ায় এ নিয়ে বাবার সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে নিরবের বাবা-মা দুজনই কাজের জন্য বাড়ির বাইরে যান। পরে সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে ঘরের দরজা খুলে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা।
স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, নিরবের চলাফেরা ও আচার-আচরণ কিছুটা উচ্ছৃঙ্খল ছিল। শুনেছি, বাবার কাছে মোবাইল ফোন কেনার টাকা চেয়েছিলেন। না পাওয়ায় এ ঘটনা ঘটিয়েছেন।
ওসি নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।