গাইবান্ধার সাঘাটায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। প্রায় ১০ বছর পর এসব স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তৎপরতা দেখা যায়।
রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। অভিযানে রেলওয়ের জায়গায় নির্মিত অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দীর্ঘদিন ধরে দখলে থাকা রেলওয়ের জায়গা পুনরুদ্ধারে এ অভিযানের মাধ্যমে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলো।
অভিযান পরিচালনার সময় পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন।