হোম > সারা দেশ > গাইবান্ধা

ঘরে মজুত রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা, প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে ডিজেল ভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যুর খবর শুনে বাড়িটিতে তার স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতঘরে ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামের এক ট্রাকমালিক। গতকাল মঙ্গলবার বিকেলে খেলাধুলার সময় সেই ড্রামে পড়ে যায় তিন বছরের ছেলে আরাফ প্রামাণিক। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাকমালিক। গাড়িটির জন্য অর্ধেক কাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক। বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে অরাফ প্রামাণিক মারা যায়।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে ড্রামে মজুত রাখা ডিজেলে ডুবে অসুস্থ হয়ে আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন তার স্বজনেরা। এই ঘটনায় শিশুটির স্বজন ও এলাকাবাসী শোকাহত।’

সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। ঘটনাটি বেদনাদায়ক।’