গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহানুর রহমান শুভ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নাকাইহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহানুর রহমান উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের কাফি মিয়ার ছেলে। সে নাকাইহাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে বড়দহ সেতুর দিকে যাচ্ছিল। এ সময় একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথেই শাহানুর রহমান মারা যায়। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় দুজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।