গাইবান্ধায় রূপালী ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের নূরুলগঞ্জ হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা কাজী আব্দুল খালেক, ইকবাল হাসান, দিদারুল ইসলাম মামুন, লিটন মাহমুদ, মতিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নূরুলগঞ্জের হাট ও আশপাশের এলাকার মানুষ রূপালী ব্যাংকের ওই শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করে আসছেন। সম্প্রতি ওই শাখাটি অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তাঁরা বলেন, ব্যাংকের শাখাটি স্থানান্তর করা হলে হাটের ব্যবসায়ীসহ স্থানীয়রা সব ধরনের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হবেন। তাই শাখাটি স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধন শেষে কাফনের কাপড় পরে ব্যাংকের গেটে শুয়ে শাখা স্থানান্তরের প্রতিবাদ জানান এলাকাবাসী। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।