হোম > সারা দেশ > গাইবান্ধা

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকার বাসায় হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কওছর আজম হান্নু, দহবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু এবং জাপা নেতা মো. শফিউল ইসলাম, মো. আবদুল জলিল মিয়া, মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো রাজনৈতিক দলের নেতা বা তাঁর বাসভবনে হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ।

তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।