গাইবান্ধার ফুলছড়িতে সাত বছর বয়সী শিশু সাদিক মিয়ার মৃত্যুর প্রায় আট মাস পর কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ রোববার দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ উদাখালী গ্রামের কবরস্থান থেকে মরদেহটি তোলা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাদিক ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী সবুজ মিয়ার ছেলে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে সাদিকের হাত-পা বেঁধে মুখে প্লাস্টিক গুঁজে নির্যাতন করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছিল। পরে এ ঘটনায় মামলা হলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
আজ মরদেহ উত্তোলনের সময় গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছ মিয়া, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম, পুলিশের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও মামলার বাদী খাজা মণ্ডল বলেন, সাদিক তার ভাতিজা। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা প্রয়োজন। ময়নাতদন্তের মাধ্যমে ঘটনার সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে তিনি আশা করছেন।
ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।