গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে মইনুল ইসলাম (৩৪) ও তাঁর ছেলে মাহিদ মিয়া (১০) নিখোঁজ হন। মাহিদ জীবিত উদ্ধার হলেও ও তার বাবার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এই ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল ৪টার দিকে বাবা ও ছেলে জাল নিয়ে তেলিয়ানির বিলে মাছ ধরতে যান। একপর্যায়ে তাঁরা নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মাহিদ মিয়াকে জীবিত উদ্ধার করে।
বোনার পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. সাদেকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ শিশুকে উদ্ধার করি। এর আধা ঘণ্টা পর ওই শিশুর বাবার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’