গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে জহুরুল প্রধান (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ওই এলাকার মৃত মমতাজ প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী জিহাদের সঙ্গে জহুরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকাল ১১টার দিকে জিহাদ বাড়ির পাশের মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে জহুরুলের জায়গার ওপর সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় জহুরুল বাধা দিলে জিহাদ ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন।
একপর্যায়ে জিহাদ জহুরুলের বুকে জোরে ধাক্কা দিলে তিনি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই রাজা মিয়া বলেন, এর আগেও জিহাদ তাঁদের বাড়ির জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেছিলেন। তখন তাঁরা বাধা দিলে জিহাদ সালিস ডাকেন। পরে আমিন দিয়ে জায়গা মাপা হলে জিহাদের দাবি করা জায়গা তাঁদের সীমানার মধ্যে পাওয়া যায়নি। চূড়ান্ত সালিসে জিহাদ তাঁদের সঙ্গে মিলেমিশে থাকার কথা বলেছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বুধবার সন্ধ্যায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।