হোম > সারা দেশ > গাইবান্ধা

কিস্তির টাকা না পেয়ে নারী গ্রাহকের মাথা ফাটালেন কর্মী

গাইবান্ধা প্রতিনিধি

আহত নারীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মী লাঠি দিয়ে একজন নারী গ্রাহকের মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই নারী বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার সকালে সাদুল্লাপুরে ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই সুপদ হালদার বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত গ্রাহক লাকী বেগম উপজেলার পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী। অভিযুক্ত এনজিও কর্মীর নাম ছালমা বেগম। তিনি ব্র্যাকের ধাপেরহাট শাখায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাকের ধাপেরহাট শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন লাকী বেগম। প্রায় দেড় বছর পরেও কিছু বকেয়া থাকায় বুধবার বেলা ১১টার দিকে ব্র্যাক অফিসের সামনে লাকী বেগমের কাছে কিস্তির টাকা দাবি করেন মাঠ সংগঠক ছালমা বেগম। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে ব্র্যাক অফিসের ভেতরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে লাকী বেগম বাড়ি চলে যান। পরবর্তী সময়ে স্বামীকে নিয়ে পুনরায় বাজারে এলে দ্বিতীয় দফায় বিবাদ শুরু হয়। এ সময় ছালমা বেগম পড়ে থাকা একটি লাঠি দিয়ে লাকী বেগমের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত লাকী বেগমের স্বামী মিন্টু মিয়া বলেন, ‘ব্র্যাকের ঋণের প্রায় সব টাকাই পরিশোধ করা হয়েছে, মাত্র ১৫০০ টাকা বাকি ছিল। সেই সামান্য টাকার জন্যই আমার স্ত্রীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’

অভিযুক্ত ছালমা বেগম লাঠি দিয়ে আঘাতের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, দেড় বছর ধরে তিন হাজার টাকা পাওনা। টাকা চাইতে গেলে গ্রাহক তাঁকে গালিগালাজ করেন এবং পরে সদস্যের স্বামী তাঁকে মারধর করেন। সেই রাগে একপর্যায়ে তিনি আঘাত করেছেন।

ব্র্যাকের ধাপেরহাট শাখা ব্যবস্থাপক আজহারুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী (ক্ষুদ্রঋণ) মোশাররফ হোসেন বলেন, ‘টাকা না পেয়ে কোনো সদস্যের মাথা ফাটিয়ে দেওয়া মোটেও কাম্য নয়, এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত। ব্র্যাক যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং যে অপরাধ করবে সে শাস্তি পাবে।’

ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই সুপদ হালদার বলেন, ‘এ বিষয়ে উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প: ঠিকাদার লাপাত্তা, এক বছর ধরে কাজ বন্ধ

অবহেলায় আটকে আছে ৯ কোটি টাকার প্রকল্প, দুর্যোগের আশ্রয়কেন্দ্র এখন দুর্ভোগে

কোটি টাকা নিয়ে উধাও ‘তিশা’, দিশেহারা গ্রাহক

কোটি টাকা নিয়ে উধাও এনজিও, দিশেহারা শতাধিক গ্রাহক

সুন্দরগঞ্জে তিন মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টানা বৃষ্টিতে গাইবান্ধায় পানিতে ডুবছে বোরো ধান, শ্রমিকসংকটে বিপাকে কৃষক

গোবিন্দগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গাইবান্ধায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঋণের চাপ সহ্য না করতে পেরে তরুণের আত্মহত্যা ‎