আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সনাতন ধর্মাবলম্বী প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মমতাজ আলো।
গতকাল সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দিরে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংরক্ষিত-২৮ আসন এবং গাইবান্ধা-১,২, ৩ ও ৫ আসনের দায়িত্বে নিয়োজিত এই সংসদ সদস্য বিগত নির্বাচনে দলের ফলাফলের উল্লেখ করে বলেন, ‘গত সংসদ নির্বাচনে এ আসনে আপনারা বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে পারেননি। এটা অত্যন্ত দুঃখজনক। শুধু তাই নয়, গাইবান্ধা জেলার পাঁচটি আসনের চারটিতেই আমরা হেরেছি।’
তিনি আরও বলেন, ‘আর কোনো ভুল করবেন না আপনারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে এবার ভোট দেবেন।’
বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মমতাজ আলো দাবি করেন, স্থানীয় নাগরিকরা যেন সম্মানের সঙ্গে বাস করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা মণ্ডপ কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ সরকারের হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেন সংসদ সদস্য।
মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজারীদের পাশাপাশি উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ এবং সদস্যসচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক।
এ ছাড়া অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।