গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রামে এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ ইমরান খান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পান্থামারী গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন ও বিক্রি করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ ইমরান খান বলেন, একটি মহল বন উজাড় করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিল। অভিযানে কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।