গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের একটি বিলের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
শাম্মী আক্তার পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরে মাঠে যায় শাম্মী। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য শিশুরা বাড়ি ফিরে আসে। কিন্তু শাম্মী আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাম্মীর বাবা।
এরপর মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি বিলের পানিতে শাম্মীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম বলেন, শাম্মীর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।