হোম > সারা দেশ > গাইবান্ধা

জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

মহিমাগঞ্জ রংপুর সুগার মিল হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন নামে বাহিনী গঠন করেছিল। কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় ২০২৪ সালের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আজ শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রংপুর সুগার মিল হাইস্কুল মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে জনসভার আয়োজন করা হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। জনগণকে আবারও সেই রাতের ভোটের যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে বাংলাদেশের মানুষ সব সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, এ দেশের মানুষ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে। কিন্তু পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তারা প্রতিবাদে ফেটে পড়ে। ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন তার প্রমাণ। দেশের বাইরে থেকে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। দেশে ফিরতে চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে এবং আইন-আদালতের মুখোমুখি হতে হবে। এ দেশের মানুষ কারও হুমকি-ধমকিতে ভয় পায় না।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।