গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির বিরোধে দুধ লাল রবিদাস (৬০) নামের এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, দুইবার কবর খোঁড়ার পর তা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হস্তক্ষেপে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনার পর বিকেল ৫টার দিকে মরদেহ দাফন করা হয়।
আজ মঙ্গলবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামে এ ঘটনা ঘটে। দুধ লাল রবিদাস ওই গ্রামের মৃত সজুয়া রবিদাসের ছেলে। তিনি রবিদাস সম্প্রদায়ের মানুষ ছিলেন।
দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন শ্রীপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে মোনারুল ইসলাম (৭০) ও সাইফুল ইসলাম (৬৭), মৃত মাহবুবুর রহমান বাবুর ছেলে সোহেলুর রহমান প্রাইজ (৪০) এবং সাইফুল ইসলামের ছেলে বাপ্পী কবির (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে দুধ লালের চাচা শুকরা রবিদাসের কাছ থেকে আড়াই শতাংশ জমি কেনেন মোনারুল ইসলাম। জমি কেনার পর সেখানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা হয়। তবে জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
স্থানীয়দের ভাষ্য, দুধ লাল রবিদাস ও তাঁর স্বজনেরা বিরোধপূর্ণ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমিতে আগে দুধ লালের মা-বাবার মরদেহও দাফন করা হয়েছিল। মঙ্গলবার দুধ লালের মৃত্যুর পর স্বজনেরা সেখানেই তাঁর মরদেহ দাফনের প্রস্তুতি নেন। কিন্তু জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এতে বাধা দেওয়া হয়। স্বজনদের দাবি, দুইবার কবর খোঁড়ার পর তা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান স্বজন ও স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। এরপর দুই পক্ষের মধ্যে দুপুর থেকে কয়েক ঘণ্টা আলোচনা চলে। আলোচনা শেষে বিকেল ৫টার দিকে দুধ লাল রবিদাসের মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে শান্তিরাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম মাহফুজার রহমান লেলিন বলেন, ‘মৃত ব্যক্তির পরিবারের বসতবাড়ি ছাড়া আর কোনো জমি নেই। বাড়ির পাশেই তাঁদের দাফন হয়ে থাকে। দুধ লাল রবিদাস মারা যাওয়ার পর তাঁর মরদেহ সেখানেই দাফনের জন্য স্বজনেরা কবর খোঁড়েন। কিন্তু একটি পক্ষ বাধা দেয়। আমরা তাঁদের বিভিন্নভাবে বোঝানোর পরও বাধা অব্যাহত থাকে। পরে দুপুর থেকে দীর্ঘ আলোচনার পর বিকেলে মরদেহ দাফন করা হয়।’
থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় দুধ লাল রবিদাসের সৎকারের ব্যবস্থা করা হয়েছে।