হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম মাজেদ (৪৫) এবং উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজা মিয়া (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাজিদুল ইসলাম মাজেদ উত্তর উড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রেজা মিয়া পূর্ব ছালুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তাঁরা দুজনই ফুলছড়ি থানায় ২০২৪ সালের ১০ ডিসেম্বর নথিভুক্ত একটি বিস্ফোরক আইনের মামলার আসামি।

পুলিশ জানায়, আজ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে পুলিশি পাহারায় তাঁদের গাইবান্ধার আদালতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের ওই দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।