হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আজ শনিবার গোবিন্দগঞ্জের পৌর এলাকার হীরকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তরুণী (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার গৃহবধূ (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মামুন অর রশিদ (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরাসহ চক্রের পলাতক সদস্যরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

আজ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ভিডিও ধারণের সরঞ্জামসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে সন্ধ্যার দিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।