হোম > সারা দেশ > গাইবান্ধা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ফুলছড়িতে থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি থানা। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ফুলছড়ি থানায় উপস্থিত হয়ে অভিযোগটি করেন উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন এরেন্ডাবাড়ী ইউনিয়নের সুমন মোল্লা, বাদশা মোল্লা, জাহিদ হাসান নয়ন, ফজলে রাব্বি, এএসএম রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম ওরফে শফি। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর প্রচারণা চালিয়েছেন। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মাহমুদুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আবেগের জায়গা। তাঁকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ বা কটূক্তি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন সুমন মোল্লা। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর বাবা এরেন্ডাবাড়ী ইউনিয়নের একজন ইউপি সদস্য। বাবার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।’