হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি

আদালতে আসামি তৌহিদ আরমান সীমান্ত। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় মাদক মামলায় তৌহিদ আরমান সীমান্ত (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিকেলে রায়ের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের জিআরও সুব্রত রায়।

দণ্ডপ্রাপ্ত তৌহিদ আরমান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিমপাড়া গোডাউন রোড এলাকার আরফিন সুমনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৩ গ্রাম হেরোইনসহ তৌহিদ আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে পাঁচ বছর পর বুধবার আদালত এ রায় দেন।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে আদালতের এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ায় রাষ্ট্রপক্ষ মনে করছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।