হোম > সারা দেশ > ফেনী

ছোট ফেনী নদীর তীব্র ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলায় ছোট ফেনী নদীর তীরের ভাঙন রোধের দাবিতে আজ রোববার সকালে এলাকাবাসী মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা

ফেনীর বুক চিরে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি নানা স্থাপনা। এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ রোববার (৩ মে) সকালে ফেনীর সোনাগাজী উপজেলায় ছোট ফেনী নদী সেতুসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

নদীর তীরবর্তী গ্রামগুলোর শত শত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তাঁরা জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীর তীর ভাঙনের ফলে এলাকার শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০০ মিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ এবং খনন (ড্রেজিং) করে বাঁকা নদী সোজা করে দিলে ভাঙন কিছুটা রোধ হবে। আর যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফেনীর সোনাগাজী উপজেলায় ছোট ফেনী নদীর তীর ভেঙে ফসলি জমি বিলীন হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

শাহিদা নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার স্বামী, ছেলেমেয়ে কেউ নেই। যদি বাড়িটি নদীতে হারিয়ে যায়, তাহলে কোথায় যাব, কোথায় থাকব? মাথা গোঁজার ঠাঁইটুকু নদী কেড়ে নিচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাই।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সেলিম রেজা, যুবদল নেতা রায়হান সাব্বির, ব্যবসায়ী আবুল কালাম প্রমুখ।