হোম > সারা দেশ > ফেনী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বাবলু।

গতকাল শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে মোশারফ হোসেন বাবলু লেখেন, ‘নিঃস্বার্থভাবে একটি দল ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। কখনো কোনো পদ-পদবি বা স্বার্থের পেছনে ছুটিনি। তবুও আজ কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ও গভীর অভিমান থেকে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাচ্ছি।’

রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সময়ের প্রয়োজনে ও ব্যক্তিগত সিদ্ধান্তে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। রাজনীতির এই দীর্ঘ পথে যারা আমার সুখে-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন, সবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভকামনা। মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমার কোনো আচরণে কেউ ব্যথিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। দোয়া করবেন।’

পোস্টের শেষে মোশারফ হোসেন লিখেছেন, ‘ভালো থাকুক প্রিয় সংগঠন। সংগঠনের খারাপ সময়ে আবার প্রয়োজন হলে পাশে থাকব, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ‘যতদূর জেনেছি, সে মান-অভিমান থেকে ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আমাদের দল মাত্র ক্ষমতায় এসেছে। এখন মান-অভিমানের সময় নয়। তবুও আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলব এবং তাঁকে দলে আবারও সক্রিয় করার চেষ্টা করব।’