হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে হামলার ভয়ে বন্ধ ২৮ কোটি টাকার উন্নয়নকাজ

ফেনী প্রতিনিধি

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ড্রেন পুনর্নির্মাণকাজ। ছবিটি সম্প্রতি তোলা

ফেনীতে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বন্ধ বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে ‘সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের (আরইউটিডিপি)’ উন্নয়নকাজ। এতে এই প্রকল্পের হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) মাধ্যমে ফেনী শহরের জিরো পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত ড্রেন পুনর্নির্মাণ ও ফুটপাত নির্মাণ; ডাক্তারপাড়া, শিল্পকলা একাডেমি সড়ক, জয়নাল আবেদিন সড়ক উন্নয়নসহ প্রায় ২৮ কোটি টাকার পাইলট প্রকল্পের কাজ পায় আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। গত বছরের ২৭ অক্টোবর কার্যাদেশ পেয়ে পাঁচ মাস গেলেও প্রকল্পটির কাজ এখনো শেষ হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলে বাধা ও কয়েক দফা হামলার মুখে পড়তে হয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমি সড়কে কাজ শুরুর পর অনুমতি না নেওয়ার অভিযোগ করে কাজ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড।

ওই রাতে রাজনৈতিক পরিচয়ে একদল লোক চাঁদা দাবি করে হামলা ও ভাঙচুর চালান। গত ৩ মার্চ ডাক্তারপাড়ায় ও ৫ এপ্রিল শহীদ শহীদুল্লা কায়সার সড়কে কাজ শুরুর সময়ও হামলা চালিয়ে এক্সকাভেটর ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করা হয়।

এ ঘটনায় ৬ এপ্রিল ফেনী সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তি। তবে লিখিত অভিযোগে বাদী নিজের পরিচয় উল্লেখ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএলের এক কর্মকর্তা বলেন, কার্যাদেশ স্বাক্ষরের সময় থেকেই এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। একটি পক্ষ তিন কোটি টাকা চাঁদা দাবি করেছিল এবং পরে আবার তারা কাজের ভাগ চেয়েছে। এতে স্থানীয় ঠিকাদারেরও ইন্ধন রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কোথাও অভিযোগ করছি না। তাই কারও নাম বলতে চাই না।’ আর প্রতিষ্ঠানের উপপ্রকল্প ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ‘আমি কিছু জানি না, কাউকে চিনি না।’

এ বিষয়ে ফেনী জেলা ঠিকাদার সমিতির সভাপতি সাইফুল হক বলেন, ‘প্রকল্পটি ফেনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও চাই দ্রুত সময়ে কাজটি সম্পন্ন হোক। এ প্রকল্পের চুক্তিপত্রে আমি একজন সাক্ষী। পিডিএল তাদের ব্যর্থতা ঢাকতে অভিযোগ করতে পারে।’

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল করিম জানান, তিনি দাপ্তরিক কাজে ফেনীর বাইরে অবস্থান করছেন। শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল করিমের সঙ্গে কথা বলতে বলেন।

পরে এসআই নুরুল করিম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে একাধিকবার বাদী মোহাম্মদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন জানিয়ে বিষয়টি এড়িয়ে যান। পরে বাদী জানান, হামলাকারীদের কাউকেই তাঁরা শনাক্ত করতে পারেননি।

এসআই নুরুল করিম বলেন, কয়েক দিন আগে তদন্ত কর্মকর্তা পুনরায় যোগাযোগ করলে বাদী বলেন, অল্প কিছুদিনের মধ্যে তাঁরা কাজ শুরু করবেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা যখন কাজ শুরু করবেন, তখন আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা বলেন, পিডিএলকে কার্যাদেশ দেওয়া প্রকল্পটি বৃহৎ পরিকল্পনার অন্যতম পাইলট প্রকল্প। এ প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর নির্ভর করছে আগামী ছয় বছরে কমপক্ষে ৬০০ কোটি থেকে হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা।

ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকা যাত্রীরা

ফেনীতে প্রসূতির মৃত্যু: তদন্তে একাধিক অবহেলা ও চিকিৎসাগত ত্রুটির প্রমাণ

ফেনীতে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক আহত, আটক ১

পথচারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোচালক কারাগারে

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে যুবক নিহত

সাত বছর লাইসেন্স নবায়ন নেই: ফেনীতে প্রাইভেট হাসপাতাল সিলগালা

ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ফেনীতে এবি পার্টির নেত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ট্রাকচালক নিহত