হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে অগ্নিকাণ্ডে আয়ের উৎস হারিয়ে নিঃস্ব পাঁচ পরিবার, পাশে দাঁড়ালেন প্রবাসী

ফরিদপুর প্রতিনিধি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জামতলা বাজার। ছোট এই বাজারে কারও মুদিদোকান, কারও চায়ের দোকান, আবার কারও চটপটির দোকান ছিল। এসব দোকানের যৎসামান্য আয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা পরিবার নিয়ে ভালোই ছিলেন। আজ বুধবার ভোরে হঠাৎ শর্টসার্কিট থেকে বাজারটিতে আগুন লাগে। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই দোকানগুলো পুড়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পথে বসার উপক্রম বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে একটি মুদিদোকান, একটি ইলেকট্রনিকস পণ্য মেরামতের দোকান, দুটি চায়ের দোকান এবং একটি চটপটির দোকানঘরসহ মালপত্র ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, এতে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইলেকট্রিক মেকানিক জাকির হোসেন। তাঁর প্রায় ৪ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। একমাত্র ছেলের আয়ের উৎস নষ্ট হওয়ায় শোকে ভেঙে পড়েন তাঁর মা জাহানারা বেগম।

জাহানারা বেগম বলেন, ‘এই দোকান করেই আমার ছেলে সংসার চালাত। আগুনে সব শেষ করে দিছে, কিছুই নাই আর; আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।’

এমন পরিস্থিতিতে আর্থিক সহায়তা নিয়ে এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ফরহাদ ওহাব আকন। তিনি ওই ইউনিয়নের আকনেরডাঙ্গী এলাকার বাসিন্দা। দীর্ঘ ২২ বছর কাজাখস্তানে অবস্থান করছেন। একই সঙ্গে বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ বেলা ১১টায় ফরহাদ ওহাব আকনের পক্ষ থেকে তাঁর বাবা আব্দুল ওহাব আকন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে নগদ ৫-১০ হাজার টাকা তুলে দেন।

আব্দুল ওহাব আকন বলেন, ‘আমার ছেলে প্রবাসে থাকলেও দীর্ঘদিন ধরে আমাদের এলাকার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাজারটিতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে যৎসামান্য সহায়তা তুলে দিয়েছি। আশা করি, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালে তারা আবারও স্বাবলম্বী হয়ে উঠবে।’

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা চেয়ে আবেদন করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদেরকে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে পুলিশি হেফাজতে মাদকসহ আটক যুবকের মৃত্যু, নির্যাতনের দাবি পরিবারের

আলফাডাঙ্গায় আগুনে পুড়ল পাঁচ দোকান, নেভাতে গিয়ে নিহত ১

ময়লার স্তূপে নবজাতকের লাশ টানাটানি করছিল কুকুর, উদ্ধার করে পুলিশ

ফরিদপুরে কাঁচা রাস্তায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি, পাকাকরণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০