হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে উল্টে যাওয়া প্রাইভেট কারের পাশে মিলল মরদেহ, পুলিশ হেফাজতে দুই আরোহী

ফরিদপুর প্রতিনিধি

উল্টে যাওয়া প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে সড়কের পাশে উল্টে যাওয়া একটি প্রাইভেট কারের পাশ থেকে রবিউল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া পুলিশের প্রাথমিক সন্দেহেও হত্যাকাণ্ডের আলামত মিলেছে।

মরদেহটি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্ধাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন। তাঁর স্ত্রী ও ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

আজ বুধবার (৬ মে) দুপুরে মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘এটি হত্যাকাণ্ড কি না ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়। তবে মরদেহটির ডান পায়ে গভীর ক্ষত রয়েছে এবং মাথায় ক্ষতসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি, দ্রুতই রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।’

জানা যায়, গতকাল মঙ্গলবার (৫ মে) দিনগত রাত ৯টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহম্মদপুর সড়কের বটতলাসংলগ্ন এলাকায় উল্টে যাওয়া প্রাইভেট কার ও মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এ সময় প্রাইভেট কারের চালক ও আরোহীদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে তারা। পরে থানা-পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধারসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে থাকা প্রাইভেট কারে চার-পাঁচজন যুবক ছিলেন। তাঁদের মধ্যে তিনজন পালিয়ে যান এবং শাহাজাদা (২৩) ও তপু সাহা (২২) নামে দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহ ফেলে পালানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এদিকে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুরে প্রতিবেশী সাইদ মোল্যার সঙ্গে তাঁর মেয়ের জামাইয়ের বাড়িতে বোয়ালমারীর হাটখোলারগ্রামে এসেছিলেন রবিউল ইসলাম (নিহত)। একপর্যায়ে সাইদ মোল্যার জামাতার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। এ ছাড়া ঘটনার পর থেকে সাইদ মোল্যার জামাতা শহিদুল শেখ ও তাঁর পরিবারের সদস্যরাও পলাতক রয়েছেন। তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

রবিউলের সঙ্গে থাকা সাইদ মোল্যা জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের ধারাবাহিকতায় তাঁর মেয়েকে পরিবারের অমতে বিয়ে করেন শহিদুল শেখ। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এরই মধ্যে শহিদুল তাঁর শ্যালকের একটি মোটরসাইকেল নিয়ে গিয়ে অন্যত্র বন্ধক রাখেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিবেশী রবিউলকে নিয়ে ওই মোটরসাইকেল ফেরত নিতে জামাই বাড়িতে আসেন সাইদ মোল্যা। এ সময় মোটরসাইকেল দেওয়া না-দেওয়া নিয়ে তর্কবিতর্ক হলে তাঁরা মোটরসাইকেল না নিয়েই ফিরে যান।

সাইদ মোল্যা বলেন, ‘বিকেলে জামাতা শহিদুল আবার ফোন করে মোটরসাইকেল দেওয়ার কথা বলে আমাদের ডেকে নেন। পরে আমাকে স্থানীয় এক মাতুব্বরের বাড়িতে বসিয়ে রাখা হয় এবং কৌশলে রবিউল ইসলামকে আলাদা করে বাড়ির বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে শহিদুল মোবাইলে বলে, “আপনি চলে যান, কাল সকালে মোটরসাইকেল পৌঁছে দেওয়া হবে।” এরপর থেকেই নিখোঁজ রবিউল।’

এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা গোলাম সরোয়ার শেখ অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে মোটরসাইকেল আনতে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’

মরদেহটি উদ্ধারের সময় ঘটনাস্থলে ছুটে যান মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানসহ থানা-পুলিশ। এ সময় পুলিশের এই কর্মকর্তা সাংবাদিকদের জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া মোটরসাইকেল-সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং প্রাইভেট কারটির ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে তিনি জানান।

ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী শাওনের

আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের আবেদন বিএনপি নেতার, সুপারিশ মন্ত্রণালয়ে

ফরিদপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ

ফরিদপুরে শিশু কবিতার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ফমেক হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্ষোভ

কয়েক ধাপে ট্রাকের চাপায় কমপক্ষে ২০ জন আহত, গণপিটুনিতে চালক নিহত

ফরিদপুরের সেই শিশুটিকে ইয়াবা সেবন করে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা: পুলিশ

ফরিদপুরে বিআরটিএ অফিসে চাঁদা দাবির অভিযোগ, বৈষম্যবিরোধী নেতা আটক

নিখোঁজের ৬ দিন পর মিলল শিশুর লাশ, ধর্ষণের পর হত্যা দাবি পরিবারের

বিয়ে না করানোর ক্ষোভে ৩ জনকে হত্যা: পুলিশ সুপার