হোম > সারা দেশ > ফরিদপুর

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ইউসুফ ফকির। ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর পাটখেত থেকে ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মমিনখার হাটসংলগ্ন একটি পাটখেতে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফ ফকিরকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের অভিযোগ, ব্যবসায়ীকে অপহরণের পর ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। টাকা না পেয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত ইউসুফ ফকির চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে। তিনি স্থানীয় বাজারে মুদি ও ভুসি মালের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মমিনখার হাট এলাকা থেকে একটি অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা দেন ইউসুফ ফকির। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর থেকেই তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

নিহতের বড় ভাই গিয়াসউদ্দিন জানান, নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর মোবাইল ফোনে কল করে ইউসুফকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগ, দাবি করা টাকা না পেয়ে দুর্বৃত্তরা ইউসুফকে হত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, মুক্তিপণের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফোনকলের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

ফরিদপুরে সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, আসামি গ্রেপ্তার

দুই মাস আগে বিয়ে, মালয়েশিয়ায় ফিরেই কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যু

ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন শিক্ষক-কর্মচারীরা, অর্থ আত্মসাতের অভিযোগ

যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে আটক চার, বাস চলাচল বন্ধ রেখে নেওয়া হলো ছাড়িয়ে

কসাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল গরুর পচা মাংস, ২০ হাজার টাকা জরিমানা