হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুর প্রতিনিধি

গতকাল বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর যুবদল আয়োজিত আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা শেখ মাহতাব আলী মেথুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা বেনজীর আহমেদ তাবরীজ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তার রাজনৈতিক তৎপরতার অভিযোগ তুলে তিনি এ দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রকাশ্য কার্যক্রম নিয়ে প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন যুবদল নেতারা।

সোমবার (৯ জুন) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে জেলা ও মহানগর যুবদল আয়োজিত আনন্দ মিছিল শেষে সমাবেশে এসব দাবি জানান তারা।

বিকেল ৫টায় শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক মুজিব সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (ফরিদপুর বিভাগ) ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ। তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত আওয়ামী লীগের দোসরেরা ফরিদপুরে প্রকাশ্যে পদচারণা করছে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কী ভূমিকা পালন করছেন? জাতীয়তাবাদী যুবদল এ বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেবে।’

বক্তব্যে তিনি সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে ধরে তাঁর গ্রেপ্তার দাবি করেন। তিনি বলেন, ‘সাবেক মেয়র মেথুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা রয়েছে। আওয়ামী লীগের দোসরদের পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, শেখ মাহতাব আলী মেথু প্রায় ১১ বছর ফরিদপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। আলোচিত অর্থ পাচার মামলার একজন অভিযুক্ত হিসেবে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। ওই মামলায় অভিযুক্ত হওয়ায় ২০২০ সালের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটখেতে মিলল যুবকের মরদেহ

১০ বছরের প্রবাসজীবনের পর বাড়ি ফেরা হলো না, বিয়ের আগেই নিভে গেল ৫ প্রাণ

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরে ২ নারীসহ তিন খুন, সংঘর্ষে আহত অর্ধশতাধিক