হোম > সারা দেশ > ফরিদপুর

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ভারত থেকে বিধি বহির্ভূতভাবে পুশ-ইন (ঠেলে পাঠানো) করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি ভারত সরকারকে নীতিমালা অবলম্বন করে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয়দেরও নীতিমালা অবলম্বন করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সীমান্তে পুশ-ইন সম্পর্কে কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন `পুশ-ইন ঠেকাতে বাংলাদেশ সরকার শক্ত অবস্থানে রয়েছে। ভারত থেকে যেসব পুশ-ইন করার চেষ্টা করা হচ্ছে, সেটা বিধি বহির্ভূতভাবে করা হচ্ছে। এই পুশ-ইন বন্ধ করার জন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে।’

ভারত সরকারকে নীতিমালা অবলম্বন করে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো আহ্বান জানিয়ে তিনি বলেন,`সব দেশে বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার জন্য বা দেওয়ার জন্য-একটি সুস্পষ্ট নীতিমালা আছে। আমরা আশা করব ভারত সরকার সেই নীতিমালা অবলম্বন করবে। যদি কোন বাংলাদেশী সেখানে অবৈধভাবে থেকে থাকে তারা, সেই নীতিমালা অবলম্বন করে বৈধ পথে সে বাংলাদেশীদের ফেরত পাঠাবে। একইভাবে বাংলাদেশে যদি কোন অবৈধ ভারতীয় থেকে থাকে, তাদেরকেও আমরা নীতিমালা অবলম্বন করে ফেরত পাঠাব। বিষয়টি নিয়ে আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং কূটনীতির মাধ্যমেই এর সমাধান হবে।'

সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর জোর দিয়ে তিনি বলেন-এখন সংবাদমাধ্যম বিভিন্ন ধরনের হয়ে গেছে। মেইনস্ট্রিম সংবাদমাধ্যম ছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যম কিন্তু একটা মেইনস্ট্রিম গণমাধ্যম হিসেবে পরিণত হচ্ছে। পাশাপাশি মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোতে অনেক সময় মিস ইনফরমেশন (ভুল তথ্য) প্রকাশিত হচ্ছে ৷ এআই ব্যবহার করে বিভিন্ন দল, বিরোধী দল ও বিরোধী মত বা যাকে পছন্দ না-তার বিরুদ্ধে বিষোদগার করে সংবাদ তৈরি করে অনেক সময় প্রকাশ করা হয়। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, একটা গুলিতেও মানুষকে ঘায়েল করা যায়, লাঠি দিয়েও ঘায়েল করা যায় আবার একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেও মানুষকে অপমানিত করা যায়। সুতরাং, এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। সত্যকে উদঘাটন করে যাচাই-বাছাই করে তারপর প্রকাশিত করতে হবে।

এছাড়া বিরোধী দলের বিভিন্ন বটবাহিনী মিথ্যা সংবাদ পরিবেশন করে ছড়াচ্ছে উল্লেখ করে তিনি এগুলোর বিরুদ্ধে জেলা ও উপজেলা সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, ওসি মো. বাবলুর রহসান খান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সেলিম মোল্লা সহ প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা।

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটখেতে মিলল যুবকের মরদেহ

১০ বছরের প্রবাসজীবনের পর বাড়ি ফেরা হলো না, বিয়ের আগেই নিভে গেল ৫ প্রাণ

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরে ২ নারীসহ তিন খুন, সংঘর্ষে আহত অর্ধশতাধিক