দিনাজপুরের খানসামায় জমি নিয়ে বিরোধের জেরে ধানখেতে আগাছানাশক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আবদুল বাছেত সরকার।
গ্রেপ্তাররা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আতাউর রহমান, তাঁর ছেলে আরাফাত হোসেন এবং উপজেলার গোয়ালডিহি এলাকার আমিনুল ইসলামের ছেলে নুর ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেশার পণ্ডিতপাড়া এলাকার শামসুল হকের ছেলে মনিরুজ্জামান মিতুল ও তাঁর পরিবার গোয়ালডিহি মৌজার ৭৭৬ নম্বর এসএ খতিয়ানের ১৭৭০৭, ১৭৭১৪ ও ৫৭৫৩ নম্বর দাগে দলিলমূলে পাওয়া ১০৪ শতক জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। জমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
মিতুলের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার ভোরে একই এলাকার সহিদুল ইসলাম, মুকুল হোসেন ও আতাউর রহমানসহ ১৬ জন দেশি অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁদের ধানখেতে আগাছানাশক স্প্রে করেন। এতে প্রায় দেড় লাখ টাকার ফসলের ক্ষতি হয়। এ ঘটনায় তিনি ১৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। পরে রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আবদুল বাছেত সরকার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ধানখেতে আগাছানাশক স্প্রে করে ফসল নষ্টের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।