হোম > সারা দেশ > দিনাজপুর

রোগীর মৃত্যু নিয়ে হাতাহাতি, দিনাজপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন শুরু করেন। এতে চিকিৎসাসেবা পেতে সমস্যায় পড়েছেন সাধারণ রোগী ও চিকিৎসাপ্রার্থীরা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের লালবাগ এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে আব্দুস সামাদ (৬৫) বুকে ব্যথা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ-২ ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনেরা ভিড় করে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কথা-কাটাকাটির জেরে ধাক্কাধাক্কি হয়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জের ধরে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালে নিজেদের নিরাপত্তা ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাড়ে ৪টা থেকে জরুরি বিভাগের মেইন গেটে তালা দিয়ে কর্মবিরতি শুরু করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল ১০টার দিকে প্রধান গেইলের তালা খোলা হয় এবং চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হয়। তবে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি অব্যাহত রাখেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী জানান, ঘটনার পর একজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বলেন, ‘প্রথম থেকেই রোগীর অবস্থা ভালো ছিল না। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যায়। এরপর রোগীর স্বজনেরা আমাদের চিকিৎসকের গায়ে হাত দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় কোতোয়ালি থানা-পুলিশ একজনকে আটক করেছে।’

সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর লোকজন জরুরি বৈঠকে বসেছে। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

দিনাজপুরে ইজিবাইকচালক নবিরুল হত্যায় জড়িতদের শাস্তি দাবি

খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর সংঘর্ষে চালক নিহত, আহত ৪

ফুলবাড়ীতে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, ছিনতাই হওয়া অটোরিকশাসহ আটক ১

ফুলবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় যুবদল নেতার মৃত্যু, ২ ঘণ্টা সড়ক অবরোধ

দুর্যোগ-সংকটে মানুষের পাশে আছে বিজিবি: দিনাজপুর সেক্টর কমান্ডার

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিরিরবন্দরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহী কিশোরের

শাবলের আঘাতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ফুলবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা অনুষ্ঠিত, ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ