রাজধানীর ডেমরার সারুলিয়ায় কালো টেপ মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তু দুটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ রোববার বিকেলে পশ্চিম নিঝুমবাগ তালেব আলী মসজিদের সামনে অভিযান চালিয়ে বস্তু দুটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে আসামি ধরতে গিয়ে দুটি বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি নিষ্ক্রিয় করে।
ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ডেমরা থেকে আটক ব্যক্তির নাম জুয়েল ওরফে ওস্তাদ জুয়েল। তিনি পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিটের (এটিইউ) করা সন্ত্রাস বিরোধী আইনের একটি কারাগারে ছিলেন।
পুলিশ জানায়, চব্বিশের ২৪শে জুলাই মাসে নরসিংদির কারাগার ভেঙে আরও কয়েকজনসহ পালিয়ে যান এই জুয়েল। এরপর পুনরায় তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রাখা হয়েছিল।
পরে ওই বছরের সেপ্টেম্বরে তাঁর জামিন হলে কারাগার থেকে বের হয়ে যান। এরপর নব্য জেএমবির বোমারু মামুনের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তারা একসঙ্গে আবার সংগঠিত হয়ে সাভার আশুলিয়া যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় বোমা রাখেন।
রাত ৯টার দিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান জানান, বিকেল ৫টার দিকে তাঁরা ঘটনাটি জানতে পারেন। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম পরিচালনা করে।
এর আগে, রাত সাড়ে ৮টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে তাঁদের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি অনুযায়ী তাঁরা কাজ করছেন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে মসজিদের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।