গত দেড় দশকের বেশি সময় ধরে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন ফার্মাসিস্টরা। তবে দীর্ঘদিনেও এ দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত হয়নি। এবার নতুন করে বিষয়টি আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্টদের প্রথম জাতীয় কনভেনশনে বক্তারা এ আহ্বান জানান।
আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, ‘ফার্মাসিস্টদের দশম গ্রেডের উদ্যোগ বিএনপি সরকারের নেওয়া। সেটি এখনো বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক।’
ফরহাদ হালিম ডোনার বলেন, ‘উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হচ্ছে। সেখানে কতজন ফার্মাসিস্ট থাকবে, সেটি আপনাদেরই ঠিক করতে হবে। আপনাদেরই কাঠামো ঠিক করে বলতে হবে, কত শয্যার হাসপাতালে কতজন ফার্মাসিস্ট লাগবে। অধিদপ্তর চেষ্টা করলে ৭২ ঘণ্টার মধ্যে এটার সমাধান হবে। অধিদপ্তর মন্ত্রণালয়ে পাঠালে এক মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বেরিয়ে আসবে।’
অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী বলেন, ‘দেশে ও বিদেশে স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টরা অন্যদের মতোই কাজ করেন। বিশেষ করে কোভিডের মতো মহামারিতে তাঁদের অবদান অনেক বেশি। ৫ আগস্টের পর বন্যাকবলিত এলাকায় চিকিৎসা দিতেও ফার্মাসিস্টরা আমাদের পাশে ছিলেন। ফার্মাসিস্টদের আরও দক্ষ হতে হবে। গত ২৫ বছরে পৃথিবী অনেক এগিয়েছে। প্রযুক্তির জ্ঞান দিয়ে ফার্মাসিস্টদের নিজেদের আরও প্রস্তুত করতে হবে। ফার্মাসিস্টদের দশম গ্রেডের দাবি দ্রুতই বাস্তবায়ন হবে। আমাদের শতভাগ ইচ্ছে, যার যেটা পাওয়া যৌক্তিক, সেটা পূরণ করা। তবে একটু সময় দিতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে।’
ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘সরকার উপজেলা হাসপাতালকে ১০১ ও ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছে। সেখানে আনুপাতিক হারে ফার্মাসিস্টদের নিয়োগ দিতে হবে। বাংলাদেশকে ঢেলে সাজাতে হলে সরকারের অঙ্গ ও রাজনৈতিক নেতাদেরও সমানভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফার্মাসিস্টদের উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই। দীর্ঘদিন ধরে পদোন্নতির কাঠামো পরিবর্তনের দাবি জানানো হলেও তা পূরণ হয়নি। একই সঙ্গে দশম গ্রেডের দাবিও এখনো বাস্তবায়ন হয়নি। তাঁদের ভাষায়, ‘যে পদে আমাদের জন্ম, সে পদেই মৃত্যু।’
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন রতনের সভাপতিত্বে এবং মহাসচিব সিকদার মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান।
এ ছাড়া বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি খাজা মাইন উদ্দিন মঞ্জু, মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) সভাপতি এ কে এম মুসা লিটন উপস্থিত ছিলেন।