হোম > সারা দেশ > ঢাকা

৭০ হাজার টাকার বিরোধে স্ত্রীকে গলা কেটে হত্যা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার মো. মনিরুল ইসলাম ওরফে মিনার। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহ আলীতে ৭০ হাজার টাকা আত্মসাৎ নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে মিনার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি (পূর্ব নাম র‍্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসআরবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

লে. কর্নেল হাফিজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের তিন দিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

হাফিজুর রহমান জানায়, শাহ আলী থানাধীন চিলড্রেন পার্ক পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় গত ১৪ সেপ্টেম্বর রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই মনিরুল ইসলাম পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, ভুক্তভোগী নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা কিছুদিন রাজধানীর বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে তাঁরা শাহ আলীর চিলড্রেন পার্ক পানির পাম্পসংলগ্ন ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। হত্যাকাণ্ডের শিকার নারী তাঁর গ্রামের বাড়ির জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাৎ করতে স্বামী মনিরুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে মনিরুল তাঁর ওপর নির্যাতনও চালান বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটির ভাষ্য, ১৪ সেপ্টেম্বর রাতে টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি, মারামারি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ভুক্তভোগী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরলে তিনি হাতের কাছে থাকা চাকু দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মনিরুল পালিয়ে যান।

এ ঘটনায় নিহত ওই নারীর ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুলের অবস্থান শনাক্ত করে এসআরবি-৪। পরে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।