রাজধানীর মতিঝিল এলাকার ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় মো. শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।
সোমবার রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুল রহমানিয়া হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় শাওন ও মো. শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত ১২টার দিকে শাওনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শাওনের বন্ধু আলিফ জানান, তাদের বাসা হাতিরঝিল মধুবাগ মীরেরটেক এলাকায়। শাওন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ছিল। রাতে দু’জন মোটরসাইকেলে করে পুরান ঢাকায় ওয়ারীতে যাচ্ছিলেন ফুটবল খেলা দেখতে। মোটরসাইকেল চালাচ্ছিলেন শাওন। ফকিরাপুল এলাকায় আসলে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় তাঁদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে শাওন ও ওই ব্যক্তি রাস্তায় পড়ে গুরুতর হয়। তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত বলে জানান।
শাওনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীর নিশাতনগর এলাকায়। তাঁর বাবার নাম লুৎফর রহমান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য মতিঝিল থানায় জানানো হয়েছে। আহত শাহজাহান জরুরি বিভাগে চিকিৎসাধীন।